শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে বিষ প্রয়োগ করে আধা পাকা ধান নষ্ট, থানায় অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিষ প্রয়োগ করে আধা পাকা ধান নষ্ট, থানায় অভিযোগ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে বিষ প্রয়োগ করে আধা পাকা ধান নষ্ট, থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বিরোধপূর্ণ জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে এক কৃষকের আধা পাকা ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. জব্বের ফকির বাদী হয়ে ১৬ জনকে বিবাদী করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের মৃত কালু ফকিরের ছেলে মো. জব্বের ফকিরের সাথে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পৈতৃক সূত্র ও নাদাবি দলিলের মূলে মালিক হয়ে তারা ওই জমিতে বোরো ধানের চারা রোপণ করেছিলেন। বর্তমানে ধানগুলো আধা পাকা অবস্থায় রয়েছে এবং আর মাত্র ১৫ দিন পর তা কেটে ঘরে তোলার কথা ছিল।

​বাদী জব্বের আলীর অভিযোগ, এ জমি নিয়ে একটি মিসকেস মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা দীর্ঘদিন ধরে জমিটি জোরপূর্বক জবরদখল ও বেদখলের চেষ্টা চালিয়ে আসছিল এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এরই জের ধরে গত ১২ নভেম্বর রাতের আঁধারে বিবাদীরা আদ্রা মৌজার ২২৭০ নম্বর দাগের ১৭.৮৩ শতাংশ জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে। এতে জমির সমস্ত ধান বিনষ্ট হয়ে প্রায় ১৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পাশাপাশি এর ফলে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ও শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, ” বিষয়টি খুবই দুঃখজনক। সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা করা হবে।”

​সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ১৭:২৪:৪২   ৪ বার পঠিত