
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ট্রাকের ধাক্কায় সৌম্যদীপ সিকদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কোচিংয়ে যাওয়ার পথে মোটরসাইকেলে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তার বাবা সুমন সিকদারও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌম্যদীপ ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ‘ঘ’ শাখার শিক্ষার্থী। সে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের ব্যবসায়ী সুমন সিকদারের বড় ছেলে। তাদের বাড়ি কানাইপুরের সিকদার বাড়ি এলাকায়।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে বাবা সুমন সিকদার মোটরসাইকেলে করে সৌম্যদীপকে নিয়ে শহরের একটি কোচিং সেন্টারে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী রাস্তার মোড়ে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সৌম্যদীপের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনায় আহত বাবা সুমন সিকদার ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৌম্যদীপের মৃত্যুর খবর কানাইপুর বাজারসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার বিষয়টি তাঁদের জানা নেই। এ ব্যাপারে কেউ থানায় অবহিত করেননি।
বাংলাদেশ সময়: ১৯:২৪:৪৮ ৪ বার পঠিত