বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি

প্রথম পাতা » গাজীপুর » কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি

গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে চিঠি দিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। বুধবার তার স্বাক্ষরে এ চিঠি পাঠানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান হওয়ায় চারটি কারাগারের নিরাপত্তা জোরদার করা জরুরি বলে মনে করছে কর্তৃপক্ষ।

চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা টহল বাড়াতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ওসি এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জেলায় বিজিবি, এসআরবি ও আনসারের ৩২ প্লাটুন সদস্য নিয়োজিত রয়েছেন। কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৩:৪৭   ৭ বার পঠিত   #