
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খড়বোঝাই ট্রাক ও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে; এতে যানবাহন দুটির ক্ষতি হলেও চালক, হেলপার ও যাত্রীদের কেউ হতাহত হননি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ও সকালে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর সেতু এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) ভোর সাড়ে ৩টার দিকে মীরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছে খড় নামানোর অপেক্ষায় সড়কের পাশে দাঁড়ায়; এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন। পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান যে একটি মোটরসাইকেলে আসা তিনজন ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে; তখন চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে সড়কের পাশের পানিতে খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হন। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুরে তিশা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে; আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে পড়ায় কেউ হতাহত হননি, তবে বাসটির ক্ষতি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে, তবে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, ক্ষতিগ্রস্ত বাসটি রেকারের মাধ্যমে সরানো হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৩:৫০:৩৩ ৩ বার পঠিত