![]()
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে; তবে এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও চালক, হেলপার ও যাত্রীদের কেউ হতাহত হননি। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৌর শহরের জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী ‘যাতায়াত পরিবহন’ বাসটি জগন্নাথপুর এলাকা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা চলন্ত বাসের সামনের কাচ লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে; এতে বাসের সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত আগুন ধরে যাওয়ার উপক্রম হলেও চালক ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে ভৈরব সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।
সহকারী পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি; তবে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মহাসড়কে নিরাপত্তা জোরদার ও নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩:৪৯:০৭ ৬ বার পঠিত #ভৈরব