![]()
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আজকে থেকে কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা শ্রমিক লীগের কারও প্রতি আর কোনো সহানুভূতি দেখাব না। আমরা আজকে নয় শুধু, আগামী দিনে সকল আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের ধরে পুলিশে সোপর্দ করব।”
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া চত্বরে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আসলে আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। বাংলাদেশের সকল দুর্যোগ সময়ে এই আওয়ামী লীগ দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্বাধীনতা যুদ্ধসহ সকল সময়ে তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরে এই দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং সকল এমপি পালিয়ে গিয়েছিল। আর তারপরে যে সকল আওয়ামী লীগের লোকজন দেশে ছিল, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম।”
নাশকতার চেষ্টা জনগণ প্রতিহত করেছে দাবি করে তিনি বলেন, “আজকে যেসব জায়গায় নাশকতার প্রস্তুতি নেওয়া হয়েছিল, জনগণ তা প্রত্যাখ্যান ও প্রতিহত করেছে। আগামী দিনেও তাদের প্রতিহত করে আমরা এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব।”
এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শহরের হোসিয়ারি সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, মাসুদ রানা ও ফতেহ রেজা রিপনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:১৮:০২ ১১ বার পঠিত