![]()
দীর্ঘ আট বছর মহাকাশে পথ পাড়ি দেওয়ার পর অবশেষে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান ও ইউরোপের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’। রোববার ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইএসএ জানায়, মহাকাশযানটির থ্রাস্টার বা দিক ও গতি নিয়ন্ত্রণকারী ইঞ্জিন টানা ৩০ মিনিটের বেশি সময় চালু রাখার পর এটি সফলভাবে বুধের কক্ষপথে প্রবেশ করে। বর্তমানে মহাকাশযানটি ইতোমধ্যে সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের কাজ শুরু করেছে বলেও জানায় সংস্থাটি।
২০১৮ সালে যাত্রা শুরু করা চার টন ওজনের এই মহাকাশযানটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধে পৌঁছাতে এ পর্যন্ত ১০ বিলিয়ন কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে। এ দীর্ঘ যাত্রায় এটি সৌরজগতের আরও নয়টি গ্রহের কাছ দিয়েও অতিক্রম করেছে।
চলতি বছরের শুরুর দিকে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিশনটির প্রধান সান্তা মার্টিনেজ বলেছিলেন, এই অভিযান বুধের এমন সব দৃশ্য ও তথ্য মানবজাতির সামনে তুলে ধরবে, যা আগে কখনো দেখা যায়নি। একই সঙ্গে এটি সৌরজগৎ সম্পর্কে মানুষের জ্ঞান ও ধারণার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে।
মিশন পরিকল্পনা অনুযায়ী, আগামী ৯ ও ১০ ডিসেম্বর মহাকাশযানটির ইউরোপীয় ও জাপানি অংশ দুটি আলাদা হয়ে নিজ নিজ কক্ষপথে অবস্থান নেবে।
ইউরোপীয় অংশটি বুধের পৃষ্ঠতল বা উপরিভাগ পর্যবেক্ষণ করবে। এ সময় এটি গ্রহটির পৃষ্ঠ থেকে মাত্র ৪৮০ কিলোমিটার ওপর দিয়ে প্রদক্ষিণ করবে।
অন্যদিকে, জাপানি অংশটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এই কক্ষপথে মহাকাশযানটি বুধ থেকে সর্বোচ্চ ১১ হাজার কিলোমিটার দূরে চলে যাবে। এর মূল লক্ষ্য বুধের চৌম্বকক্ষেত্র সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা।
বুধ সৌরজগতের এমন একটি গ্রহ, যেখানে তাপমাত্রার ব্যাপক তারতম্য দেখা যায়। গ্রহটির তাপমাত্রা কখনো মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, আবার কখনো বেড়ে ৪৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এ ছাড়া সূর্য থেকে আসা তীব্র বিকিরণের আঘাতও নিয়মিত সহ্য করতে হয় গ্রহটিকে।
এর আগে ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো ‘মেরিনার-১০’ মহাকাশযান প্রথমবারের মতো বুধ গ্রহের পাশ দিয়ে উড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৭:২৬:২৪ ৮ বার পঠিত