রবিবার, ২২ নভেম্বর ২০২৬

টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকা থেকে নারী ও শিশুসহ ৮ জন রোহিঙ্গা জিম্মি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এদের উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতরাত সাড়ে ১২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য এবং কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল থেকে ৫ জন নারী, ২ জন পুরুষ ও ৮ মাস বয়সী ১ শিশুসহ মোট ৮ জন জিম্মিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকলেই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য এবং এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০ এর বাসিন্দা। পরে উদ্ধারকৃত ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানায়।

বাংলাদেশ সময়: ১৭:৫২:১০   ৯ বার পঠিত