![]()
‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার
ইটভাটায় ২০ লাখ টাকা চাঁদা দাবিসহ নানা অভিযোগ; চেক প্রতারণা মামলায় এক বছরের সাজা, পদত্যাগের ঘোষণার পর দলীয় বিরোধে জড়ান
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ (৩৮)। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দলীয় নেতাদের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়ান তিনি। বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে মব সৃষ্টির চেষ্টা, চাঁদাবাজি ও জিম্মি করার একাধিক অভিযোগের মধ্যেই চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাশের মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তাঁর এক বছরের কারাদণ্ড হয়।
বোয়ালমারী থানা পুলিশের একটি দল মধুখালী থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালমারী থানার অধীন জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান। তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁরা বোরহানের ভাড়া বাসার সামনে অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বোরহান ঘর থেকে বের হলে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
বোরহান মাহমুদ বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙামুলারকান্দি গ্রামের মওলা শেখের ছেলে। তবে দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁকে কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে চলাফেরা করতে দেখা গেছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’ পরদিন বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন। এ সময় দলীয় নেতৃত্বের বিরুদ্ধেও তাঁকে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।
বোরহানের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং দাদপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় সাহা তাঁকে ‘মবকারী’ আখ্যা দেন। এ কারণেই তিনি দলীয় পদ ছেড়েছেন।
অন্যদিকে, বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে একাধিক অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। তিনি বলেন, তিন-চার মাস আগে কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাঁদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা নেওয়া হয়। পুলিশের সহায়তায় মোটরসাইকেল ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেন সঞ্জয়।
সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলার অভিযোগ রয়েছে বোরহানের বিরুদ্ধে। সর্বশেষ গত রবিবার মুসা চেয়ারম্যানকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন সঞ্জয় সাহা। এসব অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।
বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বোরহান কিছুদিন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাঁকে মৌখিকভাবে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল। গত দুই-তিন দিন ধরে বোরহান দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। বোরহানের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক থাকবে না বলেও উল্লেখ করেন সাবেক এই সংসদ সদস্য।
বোরহান পদত্যাগের ঘোষণা দিলেও উপজেলা বিএনপি এখনো কোনো লিখিত পদত্যাগপত্র পায়নি। এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভা ডাকার কথা জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। তিনি বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল ও বড় রাজনৈতিক দল। এখানে কারও ব্যক্তিগত উচ্চাভিলাষ কিংবা বিশৃঙ্খল কর্মকাণ্ডের সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা বিএনপি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, ‘আমি দলে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেব না। দলের স্বার্থে প্রয়োজনে জীবন দেব, তবু চাঁদাবাজি হতে দেব না।’ বোরহানের বিষয়ে সাংগঠনিক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসার ভেতর থেকে ফেসবুকে ভিডিও বার্তা দেন বোরহান মাহমুদ। সেখানে তিনি অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে একটি মামলায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। বাসায় সন্তানসম্ভবা স্ত্রী ও অসুস্থ মা থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন তিনি। ভিডিও বার্তায় কারাগার থেকে বের হয়ে খন্দকার নাসিরুল ইসলামের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফরিদপুর-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন বোরহান।
আসামিকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইদুর রহমান বলেন, বোরহান মাহমুদ চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। মধুখালী থানা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:২৬ ৯ বার পঠিত #চেক প্রতারণা মামলা #ফরিদপুর বিএনপি #বোয়ালমারী উপজেলা বিএনপি #বোরহান মাহমুদ