বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পুষ্টির পাঠ ডিমে, প্রাণিসম্পদ সপ্তাহে আনন্দিত শিক্ষার্থীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুষ্টির পাঠ ডিমে, প্রাণিসম্পদ সপ্তাহে আনন্দিত শিক্ষার্থীরা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



পুষ্টির পাঠ ডিমে, প্রাণিসম্পদ সপ্তাহে আনন্দিত শিক্ষার্থীরা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : শিশুদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা তুলে ধরতে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। ডিম প্রাণিজ আমিষের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের গুরুত্ব ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়। ডিম পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:০০   ২৮ বার পঠিত