বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় নগরীর বরফকল মাঠে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ও মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের অর্থনীতিতে এ খাতের অবদান বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে প্রাণিজ পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে খামারিদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত জাতের পশু-পাখি, মানসম্মত খাদ্য এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য শুধু প্রদর্শনীর আয়োজন নয়; বরং খামারিদের সচেতন করা, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত সম্পর্কে ধারণা দেওয়া এবং নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য উৎপাদনে উৎসাহিত করা।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। খামারিদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাণিসম্পদ বিভাগকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে খামারি ও ভোক্তা উভয়ের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. কামাল বাসার, কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারের উপপরিচালক এ বি এম সালাহ্ উদ্দিন, জেলা ট্রেনিং অফিসার ডা. মো. আমজাদ হোসেন ভূঁইয়া, জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাইদ ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

প্রদর্শনীতে খামারিদের অংশগ্রহণে প্রায় ৩০টি স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠানে দুটি ক্যাটাগরিতে পাঁচজন খামারিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী অন্যান্য খামারিকে সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।

প্রদর্শনীতে খামারি ও উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত প্রাণিসম্পদ, প্রযুক্তি ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৩৬   ৬ বার পঠিত