রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

দক্ষ মানবসম্পদ গঠনে ২০৫০-লক্ষ্যমুখী উদ্যোগ নিয়েছে সংসদ সচিবালয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » দক্ষ মানবসম্পদ গঠনে ২০৫০-লক্ষ্যমুখী উদ্যোগ নিয়েছে সংসদ সচিবালয়
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



দক্ষ মানবসম্পদ গঠনে ২০৫০-লক্ষ্যমুখী উদ্যোগ নিয়েছে সংসদ সচিবালয়

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬: ২০৫০ সালের ভবিষ্যৎ চাহিদা ও উপযোগিতার আলোকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে একটি আধুনিক, দক্ষ ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির চতুর্থ সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনা করা হয়। কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি সভায় সভাপতিত্ব করেন।

সভায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিসের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ধারণাপত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। ২০৫০ সালের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় একটি আধুনিক ও কার্যকর জনবল কাঠামো প্রণয়নের জন্য ইউএনডিপির কারিগরি সহযোগিতা কামনা করা হয়। সভায় আশা প্রকাশ করা হয়, প্রস্তাবিত নতুন এই জনবল কাঠামোটি সংসদ সচিবালয় কমিশনের আগামী সভায় উপস্থাপন করা সম্ভব হবে।

এ ছাড়া বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং সংসদ সচিবালয়ের সব গাড়িচালকের পূর্ণাঙ্গ শারীরিক সক্ষমতা-সংক্রান্ত প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়।

কমিটির সদস্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম এবং মোসাম্মৎ শাম্মী আক্তার সভায় অংশগ্রহণ করেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৮:১২   ১৮ বার পঠিত