ম্যাক্রোঁর আগমনে সেজে উঠেছিল রাহুল আনন্দের বাড়ি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ম্যাক্রোঁর আগমনে সেজে উঠেছিল রাহুল আনন্দের বাড়ি
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩



ম্যাক্রোঁর আগমনে সেজে উঠেছিল রাহুল আনন্দের বাড়ি

বাংলাদেশ সফরে এসে ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাড়িতে গিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে রাহুল আনন্দের বাসায় হাজির হন তিনি। সেখানে এই শিল্পী ও তার পরিবারের সঙ্গে ১ ঘণ্টা ৪০ মিনিট সময় কাটিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

ইমানুয়েল ম্যাক্রোঁর আগমন উপলক্ষে রাহুল আনন্দের ধানমন্ডির বাড়ি অপরূপ সাজে সাজানো হয়েছিল। বাড়ির উঠোন গোলাপের পাপড়ি, গাঁদা ফুল দিয়ে সজ্জিত করেছিলেন রাহুল আনন্দ ও তার স্ত্রী শর্মিলা শুক্লা।

ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রথমে ফকির লালন সাঁইয়ের ‘আর কি বসবো এমন সাধুর সাধবাজারে/না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে’ গেয়ে শোনান রাহুল আনন্দ। এরপর তিনি পরিবেশন করেন প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’।

একটি ভিডিওতে দেখা যায়, জলের গানের স্টুডিওতে বসে আছেন ম্যাক্রোঁ। বিভিন্ন বাদ্যযন্ত্র হাতে নিয়ে তাকে ব্যাখ্যা করছেন রাহুল। কখনো বাজিয়ে শুনাচ্ছেন। রাহুল আনন্দ যে একতারা বাজিয়ে গান গেয়েছেন সেটি উপহার দেন ইমানুয়েল ম্যাক্রোঁকে। তিনি সেটি হাতে পেয়ে বাজানোর চেষ্টা করেন।

বিদায়ের আগে ইমানুয়েল ম্যাক্রোঁ একটি কলম উপহার দিয়েছেন রাহুল আনন্দকে। এ বিষয়ে শিল্পী বলেন- ‘ফরাসী দেশের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দেয়া সুন্দরতম উপহার একটা কলম! উনি প্রতিশ্রুতি নিয়েছেন আমি যেন এই কলম দিয়ে গান ও কবিতা লিখি, লিখি প্রকৃতি ও প্রাণের কথা; একদিন উনি সেই গান শুনবেন!’

যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি উপভোগ করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এর অংশ হিসেবে ‘জলের গান’-এর স্টুডিও দেখতে হাজির হন তিনি। একদিনের সফর শেষে আজই (১১ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪৬   ৪২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ