
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না। পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে দেশের সব নাগরিক ঐক্যবদ্ধ রয়েছেন।
শুক্রবার বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসায় আয়োজিত বার্ষিক ইসলাহী সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের চেষ্টা তাদের অতীত ইতিহাসের অংশ। তবে দেশের মানুষ তাদের সেই চেষ্টা সফল হতে দেবে না।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরদাসী, সেবাদাস কোনো পতিত শক্তি রাজনীতি করার জন্য ইচ্ছা প্রকাশ করবে, সেই প্রশ্ন যখন আসবে, আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক, ইনশা আল্লাহ।’
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চায় বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে। এ নিয়ে তর্ক-বিতর্কও হবে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য আবারও গড়ে তোলা হবে। সেই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী ও স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৩ ৫ বার পঠিত