বিশ্বের সবচেয়ে বড় ঋণ সংগ্রাহক এখন চীন

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বের সবচেয়ে বড় ঋণ সংগ্রাহক এখন চীন
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩



বিশ্বের সবচেয়ে বড় ঋণ সংগ্রাহক এখন চীন

চীন ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে ১ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার ধার দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কলেজ অব উইলিয়াম অ্যান্ড মেরির গবেষণা প্রতিষ্ঠান এইডডাটা। তারা বলছে, ২০১৩ সালে শুরু হওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় চীনের পাওনার পরিমাণ এখন এক ট্রিলিয়ন ডলারের বেশি। যা দেশটিকে বিশ্বের সবচেয়ে বড় ঋণ সংগ্রাহকে পরিণত করেছে।

মোট ঋণের প্রায় ৮০ শতাংশ আর্থিক সংকটে থাকা বিভিন্ন দেশ পেয়েছে বলে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায় এইডডাটা। চীন বলছে, ১৫০টিরও বেশি দেশ বিআরআই প্রকল্পে যুক্ত হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সেতু, বন্দর, মহাসড়কসহ নানান অবকাঠামো তৈরিতে ঋণ দিয়েছে চীন।

১৬৫টিরও বেশি দেশে প্রায় ২১ হাজার প্রকল্পে চীনা অর্থায়নের খবর পেয়েছে এইডডাটা। তারা বলছে, ২০১৬ সালে প্রায় ১৩৬ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার অঙ্গীকার করেছিল চীন। আর ২০২১ সালে নিম্ন ও মধ্যম আয়ের বিভিন্ন দেশকে ঋণ ও সহায়তা হিসেবে প্রায় ৮০ বিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার করে চীন। যুক্তরাষ্ট্র এক বছরে ৬০ বিলিয়ন ডলার দিয়েছে।

এই বিপুল পরিমাণ ঋণ সহায়তা দেওয়ার কারণে উন্নয়নশীল দেশগুলো চীনের মিত্র হয়ে উঠেছে। তবে একইসময়ে পশ্চিমা বিশ্বসহ শ্রীলঙ্কা, জাম্বিয়ার মতো ঋণগ্রহীতা কিছু দেশ সমালোচনাও করেছে। তাদের দাবি, চীনের অর্থায়ন বিভিন্ন দেশের উপর এমন ঋণের বোঝা চাপিয়েছে, যা তারা পরিশোধ করতে সক্ষম নয়।
• খেলাপির ঝুঁকি ও পদক্ষেপ

এইডডাটার গবেষকেরা বলছেন, চীনের ঋণ দেওয়ার পরিমাণ যেমন বেড়েছে, তেমনই প্রকল্প বাস্তবায়ন স্থগিত, এমনকি বাতিল হয়ে যাওয়ার সংখ্যাও বেড়েছে। সে কারণে ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি নিয়ে বেইজিং চিন্তিত হয়ে পড়েছিল বলে জানিয়েছে এইডডাটা।

তাই ঝুঁকি কমাতে চীনের নীতিনির্ধারকেরা বেশ কিছু পদক্ষেপ নেন। এর মধ্যে একটি, অবকাঠামো খাতে দেওয়া ঋণের পরিমাণ কমিয়ে জরুরি সহায়তা হিসেবে ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানো। সে কারণে ২০১৫ সালে মোট ঋণের ৬০ শতাংশের বেশি অবকাঠামো খাতে দেওয়া হলেও ২০২১ সালে সেটি ৩০ শতাংশে নেমে আসে।
• চীনা ঋণের গন্তব্য

২০১৮ সালের চীনের দেওয়া মোট ঋণের ৩১ শতাংশ পেয়েছিল আফ্রিকা। ২০২১ সালে সেটি ১২ শতাংশে নেমে যায়।

আর ২০২১ সালে ইউরোপের বিভিন্ন দেশকে দেওয়া চীনের ঋণের পরিমাণ চার গুণ বেড়েছে, যা এখন মোট ঋণের ২৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪১   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


২ শতাধিক তেল-গ্যাস ক্ষেত্রের খোঁজ পেল চীন
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি
গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল
ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয়
চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস
ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল
ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার
পশ্চিমবঙ্গে আবার তৃণমূল এলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় মমতা
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৩ সপ্তাহ
নিরাপত্তা খাতে রাশিয়া-উত্তর কোরিয়ার সমঝোতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ