শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব মানবতাবিরোধী অপরাধীদের বিচার হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব মানবতাবিরোধী অপরাধীদের বিচার হবে
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩



শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব মানবতাবিরোধী অপরাধীদের বিচার হবে

শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে থাকলে সব মানবতাবিরোধী অপরাধীদের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগের দলীয় শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। আমরা যখন বিচারের ঘোষণা দিলাম তখন অনেকেই ভেবেছে এই বিচার হবে না। বিচার কার্যক্রম শুরুর পরও অনেকেই ভেবেছে কার্যক্রম শুরু হলেও শেষ হবে না। আবার রায় হবার পরেও অনেকে ভেবেছিল রায় হলেও বাস্তবায়ন হবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিশ্বের অনেক বড় রাষ্ট্রের রক্তচক্ষু ও অনেক চাপকে উপেক্ষা করে শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বিচারের রায় বাস্তবায়ন করেছেন।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা যখন আসন্ন, পাকিস্তানি হানাদার বাহিনী উপলব্ধি করতে পেরেছিল বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে যাচ্ছে এবং সেই জাতিকে পঙ্গু করার উদ্দেশ্যেই ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে যাদেরকে হত্যা করা হয়েছিল, বাঙালি জাতির স্বাধীনতার লক্ষ্যে মনন তৈরি করতে বঙ্গবন্ধুর সহযোগী হিসেবে তারা তাদের লেখনী, বক্তব্যের মাধ্যমে ও নানাভাবে কাজ করেছিলেন। কিন্তু তাদেরকে হত্যা করেও বাঙালি জাতিকে পঙ্গু করা যায়নি। গত ৫২ বছরের বেশি সময় পথ চলায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ বহুদূর এগিয়ে গেছে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যদি বিএনপি-জামায়াতের নেতৃত্বে অপরাজনীতি, সাম্প্রদায়িকতা আশ্রয়ী রাজনীতি, জ্বালাও-পোড়াও, ধ্বংসাত্মক রাজনীতি না থাকতো আমরা বঙ্গবন্ধুর সব স্বপ্ন ইতিমধ্যেই বাস্তবায়ন করতে পারতাম। বিশেষ করে যারা স্বাধীনতা চায়নি, স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা পাকিস্তানিদের হয়ে যুদ্ধ করেছে সেই জামায়াতে ইসলামীকে তারা সঙ্গে নিয়ে বিএনপি অপরাজনীতি করছে। এই অপরাজনীতি যদি দেশে না থাকতো দেশ আজকে বহুদূর এগিয়ে যেতে পারত।

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশ বিশ্বের কাছে একটি গর্বিত জাতি এবং আজকে বাংলাদেশের প্রশংসা সমস্ত বিশ্ব পঞ্চমুখ। অথচ দুঃখের বিষয় এখনো বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি হয়।

বাংলাদেশ সময়: ১৬:১২:৫১   ৩৯৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ