
অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, আইন সবার জন্য সমান।
রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব খাটিয়ে কেউ যেন অপরাধ করে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পরিষদ সভাকক্ষে ‘সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ’ সভায় এ কথা বলেন তিনি। উপজেলা উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সাধারণ মানুষ যেন নির্ভয়ে বসবাস করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:০৭:১৯ ৩ বার পঠিত