যতই প্রভাবশালী হোক ত্বকী হত্যার খুনিদের বিচার চাই: আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » যতই প্রভাবশালী হোক ত্বকী হত্যার খুনিদের বিচার চাই: আইভী
বুধবার, ৬ মার্চ ২০২৪



যতই প্রভাবশালী হোক ত্বকী হত্যার খুনিদের বিচার চাই: আইভী

মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে খুনিরা ‘প্রভাবশালী হলেও তাদের চিহ্নিত করে’ বিচারের আওতায় এনে শাস্তির সম্মুখীন করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার (৬ মার্চ) সকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলায় ত্বকীর কবরস্থানে জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি।

আইভী বলেন, ‘ত্বকী হত্যা নারায়ণগঞ্জবাসীর জন্য একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। শুধু বাংলাদেশ না বিশ্বের যারা বাংলা ভাষাভাষী আছেন তারা সকলেই জানেন, ১১ বছরের আগে নারায়ণগঞ্জে একটা নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আমাদের সকলেরই একটা ন্যায্য চাওয়া ছিল যে, ত্বকী হত্যার বিচার দ্রুত করা হোক। কিন্তু কোন এক অজানা কারণে সকল প্রকার এভিডেন্স থাকা সত্ত্বেও এই বিচারকাজটি শুরু হচ্ছে না।’

এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে সিটি মেয়র বলেন, ‘সরকারের কাছে আমি অনুরোধ করবো, যতই প্রভাবশালীই হোক না কেন প্রকৃত খুনিকে বের করে ত্বকী হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির ব্যবস্থা যেন করা হয়।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় বলেন, ‘তানভীর মুহাম্মদ ত্বকী আন্তর্জাতিকভাবেও উজ্জ্বল এক সন্তান হতে পারতো। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু ১১ বছর কেটে গেলেও ত্বকী হত্যার চার্জশিট এখন পর্যন্ত দেয়নি তদন্তকারী সংস্থা। অন্যদিকে ত্বকী হত্যায় অভিযুক্তদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার। আমরা শুরু থেকে ত্বকী হত্যার বিচার চাইছি, আমরা বিচার চেয়েই যাবো। বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।’

এর আগে, ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি জানায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রথম আলো বন্ধুসভা, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাসদ, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ত্বকীর পিতা রফিউর রাব্বি, সদস্য সচিব কবি ও সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সিপিবি’র জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টি’র জেলা সভাপতি হাফিজুর রহমান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, খেলাঘর আসরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের সাবেক সভাপতি অমল আকাশ, নারী নেত্রী পপি রানী সরকার সহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০১:৩৩   ৬৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাংবাদিক কাজিম রেজার প্রয়াণে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক
মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণে সরকারের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে : শিল্পমন্ত্রী
ফ্যাক্টচেকিংয়ে স্বচ্ছতা নিশ্চিত ও প্রেস কাউন্সিল যুগোপযোগী করা হবে : তথ্য প্রতিমন্ত্রী
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের
ঢাকা কলেজের গৌরবময় ঐতিহ্য ও উৎকর্ষ ফিরিয়ে আনার আহ্বান রাষ্ট্রপতির
দলমতের উর্ধ্বে সবাই মিলে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে : তথ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরো জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ