২২ বছর পর কারামুক্ত সাবেক ছাত্রদলের নেতা জাকির খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২২ বছর পর কারামুক্ত সাবেক ছাত্রদলের নেতা জাকির খান
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



২২ বছর পর কারামুক্ত সাবেক ছাত্রদলের নেতা জাকির খান

কারামুক্ত হয়েছেন হত্যাসহ ৩৩ মামলার আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। রোববার (১৩ এপ্রিল) সোয়া দশটার দিকে জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

তাকে অভ্যর্থনা জানাতে সকাল সাতটা থেকে কারাফটকের সামনে ফুলের মালা ও গাড়িবহর নিয়ে অপেক্ষায় ছিলেন অনুসারী কর্মী-সমর্থকরা। কারামুক্ত হয়ে জাকির খান তাদের নিয়ে শহরে শোডাউন করেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, বঙ্গবন্ধু সড়কসহ আশেপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটির ঢাকামুখী লেনের উপর গাড়িবহর নেতা-কর্মীদের উপস্থিতির কারণে অন্তত দুই ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। প্রায় তিন ঘন্টা পর এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দীর্ঘ বছর পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১ এর এক অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন জাকির খান। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে ৩৩টি মামলা ছিল। গত বছরের ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি মামলায় জামিন ও খালাস পান জাকির খান।

সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি ২২ বছর পর নারায়ণগঞ্জে আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকিরসহ সকল আসামিকে খালাস দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম।

মামলায় খালাস পাওয়া বাকি আসামিরা হলেন- জাকির খানের দুই ছোট ভাই জিকু খান ও মামুন খান, তার সহযোগী জঙ্গল ওরফে লিটন, মোক্তার হোসেন, মনিরুজ্জামান শাহীন, নাজির আহমেদ ও আব্দুল আজিজ।

২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি নগরীর মাসদাইর এলাকায় নিজের বাড়ির অদূরে সাব্বির আলম খন্দকারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র সাবেক সহসভাপতি সাব্বির বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) ও বর্তমানে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ছোট ভাই।

সাব্বির হত্যা মামলায় খালাস পাওয়ার পর তার আইনজীবী অ্যাডভোকেট রাজীব মণ্ডল সাংবাদিকদের বলেছিলেন, “৩১টি মামলায় জাকির খান খালাস পেয়েছেন। দুটি চাঁদাবাজি ও অস্ত্র মামলা এখনও তার বিরুদ্ধে চলমান থাকলেও তিনি ওই দুই মামলাতেও জামিনে রয়েছেন। মামলার কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তার মুক্তিতে আর কোনো বাধা থাকবে না।”

রোববার সকালে কারাফটকের সামনে এ আইনজীবী বলেন, “জাকির খানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। সবগুলোতেই তিনি খালাস কিংবা জামিনে আছেন।”

বাংলাদেশ সময়: ২২:৪৬:২৩   ৩২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ