শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫



শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুভাঢ্যা খালকে আমরা আবারও ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করে সমৃদ্ধ করে দিতে চাই, এটাই হোক আজকের প্রত্যাশা।

তিনি বলেন, খালটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, জাতীয় স্বার্থেই।

আজ মঙ্গলবার ঢাকার কেরাণীগঞ্জে ঝাউবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় ‘ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের বাস্তব কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, এই খালটি অন্য খালের মতো নয়। এটি বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীকে সংযুক্ত করেছে। ফলে পরিবেশগত দিক থেকে এর গুরুত্ব অনেক বেশি। খালটিকে গভীর করে পুনঃখনন করা হবে, অবৈধ দখল উচ্ছেদ করা হবে এবং ভবিষ্যতে দখল রোধে খালের পাড় ঢালাই করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। তিনি বলেন, আশা করি আজ থেকে কাজ শুরু হয়ে যথাসময়ে শেষ হবে।

স্থানীয় এলাকাবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে কথা বলে এ প্রকল্পের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সেনাবাহিনীকে পূর্ণ সহায়তা করতে হবে। তিনি আরও বলেন, খাল পুনরুদ্ধারের এ কাজ দৃশ্যমান, মনে রাখার মতো এবং প্রজন্ম থেকে প্রজন্ম উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে। প্রকল্পের পুরো বাজেট ও ব্যয়ের বিস্তারিত তথ্য জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে, যা করদাতা ও নাগরিক হিসেবে জানার অধিকার।

খাল দূষণমুক্ত রাখতে শিল্পকারখানার বর্জ্য, পয়ঃবর্জ্য এবং গৃহস্থালীর আবর্জনা ফেলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুভাঢ্যা খাল এ অঞ্চলের ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ। অতীতে এটি ছিল স্থানীয় মানুষের জীবিকা, কৃষি ও মৎস্য আহরণের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ পানি নির্গমন পথ। তিনি বলেন, পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, জলজ ও জীববৈচিত্র্যের পুনরাবির্ভাব ঘটবে এবং দূষণ ও দুর্গন্ধ কমবে। একই সঙ্গে খাল দখল ও ভরাট প্রতিরোধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

‘ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। প্রকল্পটির তত্ত্বাবধান করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেনা সদরের ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান। এছাড়া উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মাদ এজাজ, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬:০১:৪৭   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার কারণ জানালেন চরমোনাই পীর
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
কারওয়ান বাজারে মুরগির দোকানে ৬০ লাখ টাকা চাঁদাবাজি হয়
ফতুল্লায় পারিবারিক কলহে যুবকের হামলা, নারী-শিশুসহ আহত ৫
বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের
দ্রুত বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ: রায়হান কবির
সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ - শিক্ষা প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ