![]()
বাংলাদেশ সরকার এবং জার্মান সরকারের মধ্যে GIZ কর্তৃক প্রস্তাবিত পাঁচটি প্রকল্পে মোট ২১ দশমিক ৭৭ মিলিয়ন ইউরো’র অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পসমূহ হলো ‘Policy Advisory for Promoting Energy Efficiency and Renewable Energy (PAP) II’, ‘Strengthening Urban Integration Capacities of Internally Displaced Persons and Supporting host Communities (INTEGRATE)’, ‘Professional Education in Industrial and Environmental Safety (PRECISE)’, Green Room Air-Conditioning (GRACE) এবং Digital Skills to Succeed in Asia (DS2S)।
আজ ঢাকার শের-ই বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ চুক্তিসমূহ স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব মোঃ শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং জার্মান সরকারের পক্ষে Mr. Heinrich-Juergen Schilling, Country Director, GIZ Office Dhaka অনুদান চুক্তিসমূহ স্বাক্ষর করেন।
PAP II প্রকল্পটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে ০১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৯ মেয়াদে বাস্তবায়িত হবে। এ প্রকল্পের অনুকূলে জার্মান সরকার ৯ মিলিয়ন ইউরো অনুদান বরাদ্দ করেছে। সামাজিকভাবে ন্যায্য এবং পরিবেশগতভাবে সুষম জ্বালানি রূপান্তর বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক ও মানবসম্পদ-সংক্রান্ত পরিস্থিতির উন্নতি সাধন করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
INTEGRATE প্রকল্পটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ০১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৭ মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পে অনুদান বরাদ্দের পরিমাণ ৪ দশমিক ৮ মিলিয়ন ইউরো। এ বরাদ্দ জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ ও বাস্তুচ্যুত প্রতিবন্ধী ব্যক্তিসহ ঐসব এলাকায় বসবাসরত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণের উদ্দেশ্যে ব্যয় হবে।
PRECISE প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে ০১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৯ মেয়াদে বাস্তবায়িত হবে। এ প্রকল্পে জার্মান সরকার ৭ মিলিয়ন ইউরো অনুদান হিসেবে বরাদ্দ প্রদান করেছে। এ বরাদ্দ বাংলাদেশে TVET খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে।
GRACE প্রকল্পটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে ০১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৮ মেয়াদে বাস্তবায়িত হবে। এ প্রকল্পের অনুকূলে জার্মান সরকার ০.৮ মিলিয়ন ইউরো অনুদান বরাদ্দ করেছে। জাতীয় নীতিমালার অংশ হিসেবে জলবায়ুবান্ধব ও জ্বালানি-সাশ্রয়ী রুম এয়ার কন্ডিশনিং (Green AC) এর প্রচার ও প্রসার বৃদ্ধি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
DS2S প্রকল্পটির অনুকূলে জার্মান সরকার কর্তৃক প্রকল্প মেয়াদ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধিসহ অতিরিক্ত ০.১৭৫২১২ মিলিয়ন ইউরো অনুদান বরাদ্দ প্রদান করা হয়েছে। মূল প্রকল্পটি ০.৩৮২৫২৬ মিলিয়ন ইউরো অনুদান সহায়তায় জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন রয়েছে। এটি একটি আঞ্চলিক প্রকল্প। নৈতিকতাভিত্তিক প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে এশিয়া অঞ্চলের ক্রমবর্ধমান শ্রমবাজারে কর্মসংস্থান সৃষ্টিসহ চাকরির সুযোগ বৃদ্ধি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, জার্মান সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। ১৯৭২ সাল থেকে জার্মান সরকারের আর্থিক ও কারিগরি সহায়তার মোট প্রতিশ্রুতি প্রায় ৪ বিলিয়ন ইউরো। বর্তমানে GIZ বাংলাদেশে ১৮টি প্রকল্পে ১০০ দশমিক ৭২ মিলিয়ন ইউরো অনুদান সহায়তা প্রদান করছে।
বাংলাদেশ সময়: ১৬:৩২:০৫ ৫৫ বার পঠিত