বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

যশোরে ১৪ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক

প্রথম পাতা » খুলনা » যশোরে ১৪ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



যশোরে ১৪ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক

যশোরে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারী মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই নারীকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর মধ্যে একজনের কাছ থেকে ৬ হাজার এবং অপরজনের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটক দুই নারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, আটক নারীরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে যশোরসহ আশপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন।
দীর্ঘদিন ধরে তারা এই মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, উদ্ধার করা ইয়াবাগুলোর সম্ভাব্য গন্তব্য, সরবরাহকারী চক্র এবং স্থানীয় পর্যায়ের ক্রেতাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আটক নারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

ডিএনসি কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচারের প্রবণতা রোধে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে যশোরে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৯:০৫   ৭১ বার পঠিত