বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

মজুত করা হয়েছিল রিভলবার ও গুলি, নুরু বাহিনীর সদস্য আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মজুত করা হয়েছিল রিভলবার ও গুলি, নুরু বাহিনীর সদস্য আটক
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



মজুত করা হয়েছিল রিভলবার ও গুলি, নুরু বাহিনীর সদস্য আটক

বগুড়ার শাজাহানপুরে ১৫ রাউন্ড গুলি ও বিদেশি রিভলবারসহ একাধিক দেশীয় অস্ত্র মজুতের অভিযোগে শীর্ষ সন্ত্রাসী আতিক হাসানকে (৩০) আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার সাবরুল এলাকার বাগিনাপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আতিক হাসান ওই এলাকার বাসিন্দা এবং শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সন্ত্রাসী নুরুজ্জামান নুরু বাহিনীর সক্রিয় সদস্য তিনি।

সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অস্ত্রগুলো মজুতের গোপন সংবাদের ভিত্তিতে বাগিনাপাড়ায় অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আতিক বাড়ির ছাদ টপকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছে মজুতকৃত ১টি ব্রিটিশ বুলডগ মডেলের ৯ এমএম রিভলবার, ​১৫ রাউন্ড তাজা গুলি, ​২টি ম্যাগাজিন ও​১০টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।

এক পর্যায়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিক স্বীকার করেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পলাতক সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরুর।

বগুড়া সেনানিবাসের ৪০ বীর ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহম্মেদ তমাল জানান, নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতেই নুরু বাহিনীর সদস্যরা এই অস্ত্রগুলো মজুদ করেছিল। উদ্ধারের সময় রিভলবারের ভিতর ৪ টি গুলি লোড করা ছিল। আতিকের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।

​শাজাহানপুর থানার এসআই আল আমিন জানান, এ ঘটনায় আতিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​উল্লেখ্য, গত ১৫ ও ২৮ জানুয়ারি একই উপজেলায় অভিযান চালিয়ে আরও চারজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছিল সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৬:০২:৪৮   ৭ বার পঠিত