![]()
ক্রেমলিন বুধবার জানিয়েছে, তেল সরবরাহ বৈচিত্র্য করার বিষয়ে ভারতের ঘোষণায় নতুন কিছু দেখছে না তারা, কারণ নয়াদিল্লি বরাবরই রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে তেল কিনে এসেছে
এর আগে বুধবার ভারতের বাণিজ্যমন্ত্রী পিয়ুশ গয়াল বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির মধ্যে নাগরিকদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কৌশল হিসেবে ভারত তার জ্বালানি উৎস বৈচিত্র্য করবে।
গয়ালের এই বক্তব্য আসে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তি ঘোষণার পর। ট্রাম্প তখন নয়াদিল্লির রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার প্রসঙ্গ তোলেন, যা ভারত তখন থেকে প্রকাশ্যে নিশ্চিত করেনি।
ভারতের তেল কেনার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সবাই জানে যে রাশিয়া ভারতের একমাত্র তেল সরবরাহকারী নয়।
পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা—এবং শুধু আমরা নই, আন্তর্জাতিক জ্বালানি বিষয়ে সংশ্লিষ্ট সব বিশেষজ্ঞই—ভালোমতো জানি যে রাশিয়া ভারতের একমাত্র তেল ও পেট্রোলিয়াম পণ্যের সরবরাহকারী নয়।’
তিনি বলেন, ‘ভারত সব সময়ই এসব পণ্য অন্যান্য দেশ থেকেও কিনে এসেছে। সে কারণেই আমরা এখানে নতুন কোনো পরিবর্তন দেখছি না।’
বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪৪ ১০ বার পঠিত