সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

সন্ধ্যার মধ্যে ফোন নিষেধাজ্ঞা বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্ধ্যার মধ্যে ফোন নিষেধাজ্ঞা বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



সন্ধ্যার মধ্যে ফোন নিষেধাজ্ঞা বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল নিয়ে যেতে পারবেন না ভোটাররা। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া এ নিষেধাজ্ঞা না তুলে নিলে সন্ধ্যার মধ্যে ইসি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, ৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না, আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি-বিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।

তিনি বলেন, ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করলে; ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই-যেই অবস্থা হয়েছিল তার চেয়েও ভয়াবহ হবে।

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠান।

নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
তবে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির দুজন সদস্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩৩   ১০ বার পঠিত