![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বড় জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি চূড়ান্ত ফলাফলে তিনি এ তথ্য জানা গেছে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সংসদীয় আসনের ১১৬ কেন্দ্রের ভোট গণনা শেষে সব কেন্দ্রেই বেশি ভোট পেয়েছেন হাসনাত আবদুল্লাহ।
শুরু থেকেই এই আসনে হাসনাত আবদুল্লাহর পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা গেছে। বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়কের পক্ষে তরুণ প্রজন্মের সমর্থন ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে, বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে হাসনাত আবদুল্লাহর দাপটের কাছে সুবিধা করতে পারেননি।
ফলাফল ঘোষণার পর থেকেই দেবিদ্বারের রাস্তায় নেমে আসেন হাসনাত আবদুল্লাহর হাজার হাজার সমর্থক। তারা ‘শাপলা কলি’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তবে জয়ী হয়ে হাসনাত আবদুল্লাহ তার সমর্থকদের শান্ত থাকার এবং কোনো ধরনের বিজয় মিছিল বা উসকানিমূলক আচরণ না করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে কুমিল্লা-৪ আসনটি সারা দেশের মধ্যে অন্যতম আলোচিত আসনে পরিণত হয়েছিল। বিশেষ করে বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় এই আসনে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছিল।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:০০ ৬১ বার পঠিত