শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শুরু বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শুরু বাংলাদেশের
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শুরু বাংলাদেশের

লক্ষ্য ১১৬ রানের। তাড়া করতে নেমে এক পর্যায়ে ১৫ ওভারে ৭৯ রান তুলে সুবিধাজনক অবস্থায় ছিল শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। ৫ উইকেট হাতে নিয়ে শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ৩৭ রান।

এখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন বাংলাদেশ নারী ‘এ’ দলের বোলাররা।
মেঘলা-লতা-ফাহিমাদের শেষের ঝলকে ৪ রানের রুদ্ধশ্বাস জয়ে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে শুভসূচনা করল বাংলাদেশ।

থাইল্যান্ডের ব্যাংককের তেরথাই ক্রিকেট গ্রাউন্ডে আজ ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১৫ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ৯ উইকেটে ১১১ রানে থামে। ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সানজিদা আক্তার মেঘলা।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছিল। ইশমা তানজিম ও শামীমা সুলতানা উদ্বোধনী জুটিতে এনে দেন ৪৮ রান। কিন্তু এরপর আর কোনো বড় জুটি গড়ে ওঠেনি। প্রথম চার ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

শেষ দিকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। লাল-সবুজের মেয়েরা মাত্র ১১ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায়। তিনে নামা শারমিন সুলতানা ২৯ রান না করলে হয়তো একশ ছোঁয়াও কঠিন হয়ে যেত।

তবে বোলারদের দারুণ বোলিংয়ে এত কম পুঁজি নিয়েও জয় পেয়েছে বাংলাদেশ। দলটির পরের ম্যাচ সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ নারী দল: ১৯.৫ ওভারে ১১৫ অলআউট (ইশমা ৩০, শারমিন ২৯, শামীমা ১৭, ঝিলিক ১১; শচীনি ৪/১৪, মালশা ২/১৭, সাথিয়া ২/২১, যশন্তী ১/২৪)।

শ্রীলঙ্কা ‘এ’ নারী দল: ২০ ওভারে ১১১/৯ (হানসিমা ২৬, কাঞ্চনা ২৩, শচীনি ২০, সঞ্জনা ১৭; মেঘলা ৩/২০, লতা ২/২০, ফাহিমা ২/২০, জান্নাতুল ১/১৩)।

ফল : বাংলাদেশ ‘এ’ নারী দল ৪ রানে জয়ী।

ম্যাচসেরা: সানজিদা আক্তার মেঘলা।

বাংলাদেশ সময়: ২২:৪২:০৭   ৬ বার পঠিত