বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

শত্রু ভেবে নিজেদের সেনাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী

প্রথম পাতা » আন্তর্জাতিক » শত্রু ভেবে নিজেদের সেনাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬



শত্রু ভেবে নিজেদের সেনাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে অভিযানের সময় ভুলবশত নিজ বাহিনীর গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও চলমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ওফরি ইয়াফে।
তার বয়স ২১। তিনি প্যারাট্রুপারস ব্রিগেডের রিকনাইস্যান্স ইউনিটের সদস্য ছিলেন। তার বাড়ি জেজরেল ভ্যালির হায়োগেভ নামের একটি মোশাভে।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনাটি ঘটে যখন প্যারাট্রুপারস ব্রিগেডের দুটি দল খান ইউনিস এলাকার ইয়েলো লাইনের কাছে নিয়মিত তল্লাশি অভিযানে বের হয়।
ওই অভিযানের লক্ষ্য ছিল হামাসের অবকাঠামো ধ্বংস করা।

রাত প্রায় ২টার দিকে একটি দল ভুলবশত অন্য দলটিকে শত্রু ভেবে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ইয়াফে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়।
তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে সামরিক বাহিনী জানায়। ঘটনার বিস্তারিত কারণ এখনও তদন্তাধীন।

ইসরায়েলি সামরিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৯২৫ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে উপত্যকায় স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন ৪৭১ জন।

গত বছরের ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের দুই বছরের আগ্রাসনে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গোলাবর্ষণ ও গুলির মাধ্যমে ইসরায়েলি বাহিনী শত শতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে যুদ্ধবিরতির মধ্যেই ৬০৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ১ হাজার ৬১৮ জন আহত হয়েছেন।

সূত্র : টাইমস অব ইসরায়েল।

বাংলাদেশ সময়: ১১:২৬:৫২   ৫ বার পঠিত