বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬



বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী

বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতিগত সংস্কারের ওপর জোর দিয়েছেন নতুন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন আগ্রহ বেশি মানুষের। পাট দেশের ঐতিহ্যের সাথে জড়িত।

“এত বছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরি নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে কাজ করতে হবে। নৈতিকতা ও সক্ষমতা নিয়ে করতে হবে।”

মন্ত্রী বলেন, বিশ্ববাজারে টিকে থাকতে হলে পাট ও বস্ত্র খাতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি অপ্রয়োজনীয় জটিলতা কমানোর প্রয়োজন রয়েছে।

সভায় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, “বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে বিশ্বে আমাদের প্রতিযোগী মনোভাব, সক্ষমতা ও সুবিধা তুলে ধরতে হবে। সরকারের নির্দেশনার মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি উপস্থাপনা করেন।

সভায় অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, অতিরিক্ত সচিব রায়না আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০৪   ৫ বার পঠিত