বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

বোরো রোপণে ব্যস্ত সরিষাবাড়ী, সরগরম স্থানীয় শ্রমবাজার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোরো রোপণে ব্যস্ত সরিষাবাড়ী, সরগরম স্থানীয় শ্রমবাজার
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬



বোরো রোপণে ব্যস্ত সরিষাবাড়ী, সরগরম স্থানীয় শ্রমবাজার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চলতি বোরো মৌসুমকে কেন্দ্র করে জমে উঠেছে শ্রম বিক্রির ভ্রাম্যমাণ হাট। প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজার ট্রাক সমিতির মোড়সহ বিভিন্ন পয়েন্টে বসছে এই হাট। কৃষি কাজের জন্য প্রয়োজনীয় শ্রমিক সংগ্রহ করতে স্থানীয় কৃষক ও জমির মালিকরা এখানে ভিড় করছেন।

সরিষাবাড়ী উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী ইসলামপুর, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ থেকেও বহু শ্রমিক এখানে সমবেত হন। এমনকি উত্তরবঙ্গের গাইবান্ধা জেলা থেকেও অনেক শ্রমিক কাজের সন্ধানে ভোরবেলাতেই এলাকায় এসে পৌঁছান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, শত শত শ্রমিক কাজের অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। কেউ ধান রোপণ, কেউ জমি প্রস্তুত, আবার কেউ সেচ ও নিড়ানির কাজের জন্য কৃষকদের সাথে দরদাম করছেন।

স্থানীয় কৃষকদের মতে, বোরো মৌসুমে কৃষি কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়। নির্দিষ্ট সময়ে ধান রোপণ ও জমি প্রস্তুত করার জন্য একসাথে অনেক শ্রমিকের প্রয়োজন হয়। এই হাটের কারণে কৃষকদের আর দ্বারে দ্বারে শ্রমিক খুঁজতে হয় না; এক জায়গাতেই চাহিদা অনুযায়ী শ্রমিক পাওয়া যাচ্ছে।

গাইবান্ধার ফুলছড়ি থেকে আসা শ্রমিক নুরুজ্জামান ও রবিউল জানান, “আমাদের এলাকায় ধান লাগানো শেষ হয়ে গেছে। এখন ঘরে অলস বসে না থেকে বাড়তি আয়ের আশায় এখানে এসেছি। এখানে শ্রমিকের চাহিদা ভালো এবং দরদাম করে ন্যায্য মজুরিতে কাজ পাওয়া যায়।”

কৃষি প্রধান এই অঞ্চলে সরিষাবাড়ীর এই শ্রমবাজারটি মৌসুমি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বোরো আবাদ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আগামী কয়েক সপ্তাহ এই হাটে ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। শ্রমিক ও কৃষকদের এই পদচারণায় পুরো আরামনগর বাজার এলাকা এখন মুখরিত।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫৫   ৮৭ বার পঠিত