![]()
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দ জনগণের করের অর্থ দিয়ে পরিচালিত হয়, তাই এর প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্র ও জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। শতভাগ বাস্তবায়নই হবে আমাদের লক্ষ্য, কাজে গাফিলতি বা দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি তাহসিনা বলেন, যার হক তাকে তার প্রাপ্য সম্মানের সঙ্গে বুঝিয়ে দিতে হবে।
উন্নয়নমূলক কাজের বরাদ্দের শতভাগ বাস্তবায়ন করা হবে, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না। বিএনপি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এ রয়েছে। কেউ দুর্নীতি করলে কোনো ছাড় নেই।
তাহসিনা আরো বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য নির্ধারিত সরকারি সহায়তা যেন কোনোভাবেই প্রভাবশালী বা অসাধু মহলের হাতে চলে না যায়, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক হবে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির বণ্টন নিয়ে যে অভিযোগ ও অনিয়মের কথা শোনা যায়, তা বন্ধে কঠোর নজরদারি জোরদার করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনীতিবিদ, সাংবাদিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪৩ ৯ বার পঠিত