![]()
বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। বিমানটি দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানো পরিবহন করছিল। কার্গো বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
এল আল্টোতে পুলিশ সদস্য কর্নেল রেনে ট্যাম্বো শুক্রবার গভীর রাতে সাংবাদিকদের বলেন, ‘প্রায় ২০ জন, সম্ভবত আরো কয়েকজন নিহত হয়েছেন। দমকলকর্মীরা পূর্বে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল।’
শুক্রবার পুলিশ জানিয়েছে, রাজধানী লা পাজের কাছে অবতরণের সময় ব্যাংক নোট বহনকারী একটি বলিভিয়ার সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি অ্যাভিনিউতে সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানটি বিধ্বস্ত হয়।
বলিভিয়ার বিমান বাহিনীর জেনারেল সার্জিও লোরা বলেছেন, শুক্রবার গভীর রাত পর্যন্ত বিমানের ছয়জন ক্রু সদস্যের মধ্যে দুজনের সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো বলেন, বিমানটি পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজ থেকে আসছিল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে বিমানের ধ্বংসাবশেষ, ধ্বংসপ্রাপ্ত গাড়ি এবং রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ দেখা গেছে। টোভারের মতে, কমপক্ষে ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বলিভিয়ার বিমান বাহিনীর বিমানটি লা পাজে টাকা পরিবহন করছিল এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছ, দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোট সংগ্রহের জন্য লোকজন ছুটে আসছে, অন্যদিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।
টোভার বলেছেন, ছড়িয়ে পড়া নোট সংগ্রহ করার চেষ্টা করা শত শত লোক উদ্ধার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে। সরকারি প্রতিবেদন অনুসারে, ৫০০ জনেরও বেশি সেনা এবং ১০০ জন পুলিশ কর্মকর্তা জনতাকে ছত্রভঙ্গ করার জন্য এলাকাটি নিয়ন্ত্রণে নেন।
কেন্দ্রীয় ব্যাংকের সভাপতি ডেভিড এস্পিনোজার উপস্থিতিতে পুলিশ ও সামরিক সদস্যরা নগদ অর্থভর্তি বাক্সগুলো পুড়িয়ে দেয়। এস্পিনোজা জানান, এসব নোটের ‘কোনও আইনি মূল্য নেই, কারণ এগুলো কখনও প্রচলনে আসেনি।
’ তবে তিনি এর সুনির্দিষ্ট অর্থ ব্যাখ্যা করেননি।
এস্পিনোজা পরিবহন করা অর্থের পরিমাণ উল্লেখ করেননি, তবে তিনি বলেন, নোটগুলো বিদেশ থেকে সান্তা ক্রুজে পৌঁছেছিল। এদিকে, কর্তৃপক্ষ টার্মিনালে আগমন ও প্রস্থান করা সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।
সূত্র : আরব নিউজ।
বাংলাদেশ সময়: ১২:৪৯:২৬ ১৩ বার পঠিত