![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বপন সরকার (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) ভোরে উপজেলার ঝাউগড়া মধ্যপাড়া এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার(৩ মার্চ) সন্ধ্যায় ঝাউগড়া মধ্যপাড়া গ্রামের জহিরের মুদি দোকানে বসে খোশগল্প করছিলেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে স্বপন সরকার এবং জাদু মন্ডলের ছেলে বদিউজ্জামান বদি। গল্পের এক পর্যায়ে উভয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। ওই সময় উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দিলে দুজনই নিজ নিজ বাড়িতে ফিরে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোরে সেহরি খেয়ে স্বপন সরকার মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে বদিউজ্জামান বদির নেতৃত্বে তার সহযোগী হাবিবুল্লাহ, সুরুজ ও রইস উদ্দিনসহ একদল লোক স্বপনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নির্জন স্থানে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে স্বপন নিস্তেজ হয়ে পড়লে তাকে রক্তাক্ত অবস্থায় তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
আহত স্বপন সরকারকে বাড়ির সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল রহমান জানান: ”ঘটনাটি সম্পর্কে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২৩:২৪:৪৪ ৩৩ বার পঠিত