![]()
রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন শিল্প-কারখানা স্থাপন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো দলীয় বিভাজন থাকা উচিত নয়।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের দামুর চাকলা বাজারের দেওয়ান সালেহ আহমেদ নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতারের পর স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, কাজের সন্ধানে অনেক মানুষকে ঢাকায় গার্মেন্টসে যেতে হয়। যদি আমাদের এলাকায় শিল্প-কলকারখানা গড়ে ওঠে, তাহলে মানুষকে আর ঢাকায় যেতে হবে না।
তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো একক দলের ইস্যু নয়, বরং জাতীয় স্বার্থের বিষয়। আসাদুল হাবিব দুলু এখন পূর্ণমন্ত্রী। আমাদের প্রত্যাশা, তিনি যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখেন। প্রয়োজনে আমরা সবাই দলমত ভুলে একসঙ্গে কাজ করব।
তিনি আরও বলেন, দেশের বড় বড় নীতিগত সিদ্ধান্ত—শিক্ষানীতি, কৃষিনীতি ও স্বাস্থ্যনীতি—জাতীয় রাজনীতিকে প্রভাবিত করে এবং সরাসরি মানুষের জীবনের মান নির্ধারণ করে।
কৃষি খাতে ভর্তুকির প্রসঙ্গ টেনে এমপি আখতার হোসেন বলেন, সরকার সারের ওপর ভর্তুকি দিচ্ছে বলেই কৃষকরা তুলনামূলক কম দামে সার কিনতে পারছেন। তবে ভর্তুকির অর্থ যেন অপচয় বা অনিয়মের মাধ্যমে অন্য খাতে চলে না যায়, সেই বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কৃষকের জন্য বরাদ্দ অর্থ কৃষকের কাছেই পৌঁছাতে হবে। হাজার হাজার কোটি টাকার ভর্তুকি সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা, সেটি নিশ্চিত করতে হবে।
পরিকল্পিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে এমপি বলেন, সঠিক পরিকল্পনা একটি কাজের অর্ধেক বাস্তবায়নের সমান।
জাতীয় সংসদ ও গণমাধ্যমে এলাকার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা এমন রাজনীতি চাই, যা মানুষের কল্যাণে কাজ করবে। দলাদলি নয়, উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য।
সবশেষে তিনি এলাকার জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আবু সাহমা, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, মোস্তায়েন বিল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, ইটাকুমারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আজাদ হোসেন, অন্নদানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাইসুল ইসলাম, পারুল ইউনিয়ন এনসিপির আহ্বায়ক শহিদুল ইসলাম দুলালসহ অনেকে।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫০ ৮ বার পঠিত