![]()
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একসঙ্গে দুজন ভিভিআইপি থাকায় ঈদগাহ ময়দানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহে জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন আনা যাবে। তবে আনা যাবে না ব্যাগ, কোনো দাহ্য বস্তু।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তিনি জানান, এবারও জাতীয় ঈদগাহ ময়াদানে সকাল সাড়ে আটটায় নামাজ অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত আদায় করা হবে। ঢাকা মহানগরে ১২১টি ঈদগাহ মাঠ প্রস্তুত আছে। এর বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাণিজ্য মেলায় নামাজ আদায় করার ব্যবস্থা আছে।
নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, পুরো জাতীয় ঈদগাহ ময়দানে সিসি ক্যামেরা থাকবে। কয়েকটি ওয়াচ টাওয়ার থাকবে। সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদ ময়দানে চারদিকে তল্লাশির ব্যবস্থা থাকবে। পুলিশ লাইনিং ব্যবস্থা থাকবে। মূল গেট দিয়ে প্রবেশ করতে হবে। নারীদের প্রবেশের জন্য আলাদা গেটের ব্যবস্থা থাকবে।
তিনি জানান, ঈদগাহে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কিছু ডাইভারশন থাকবে। এলাকার নাম জিরো পয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, দোয়েল চত্বর ও মৎস্য ভবন।
যদি বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া থাকে তাহলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২:৩৮:০১ ১২ বার পঠিত