![]()
ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে লিভারপুল। আক্রমণাত্মক ফুটবলে গালাতাসারাইকে একপ্রকার উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার–ফাইনালে জায়গা করে নিয়েছে আর্নে স্লটের শিষ্যরা।
বুধবার রাতে অ্যানফিল্ডে শেষ ষোলোর ফিরতি লেগে ৪-০ গোলের দাপুটে জয় পায় লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে নাম লেখায় তারা।
চলতি আসরে গালাতাসারাইয়ের বিপক্ষে আগের দুই দেখায় হারের পর এই প্রথম জয় পেল লিভারপুল। সেপ্টেম্বরে গ্রুপ পর্বে এবং শেষ ষোলোর প্রথম লেগ ১-০ ব্যবধানে হেরেছিল তারা।
এদিন অবশ্য ম্যাচের চিত্র ছিল পুরোপুরি একপেশে। প্রথমার্ধে এগিয়ে দেন দমিনিক সোবোসলাই।
এরপর দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ঝড়ে গোল করেন হুগো একিটিকে, রায়ান গ্রাভেনবার্চ ও মোহাম্মদ সালাহ।
যদিও প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল সালাহর সামনে। পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি এই মিশরীয় ফরোয়ার্ড। তবে পরে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।
পরিসংখ্যানেও লিভারপুলের একচ্ছত্র আধিপত্য স্পষ্ট। ৬১ শতাংশ বল দখলে রেখে ৩২টি শট নেয় তারা, যার ১৬টিই ছিল লক্ষ্যে। বিপরীতে গালাতাসারাইয়ের চার শটের মাত্র একটি ছিল অন টার্গেটে।
ম্যাচের ২৫তম মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেওয়া কর্নার থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন সোবোসলাই। বিরতির আগে পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে আর ভুল করেনি লিভারপুল।
৫১তম মিনিটে একিটিকে ব্যবধান বাড়ান। মিনিটখানেক পরই গ্রাভেনবার্চ গোল করে জয়ের ভিত আরও মজবুত করেন। ৬২তম মিনিটে দারুণ বাঁকানো শটে নিজের গোলের ফিফটি পূর্ণ করেন সালাহ।
কোয়ার্টার–ফাইনাল পেরিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিভারপুলের সামনে অপেক্ষা করছে শিরোপাধারী পিএসজি।
বাংলাদেশ সময়: ১৩:০৩:৫২ ১৩ বার পঠিত