![]()
শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ জাতীয় সংসদকে জানিয়েছেন, দেশে বেকারত্ব মোকাবিলায় সরকার নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা নিয়েছে।
তিনি বলেন, বেকারত্ব হ্রাস ও শিল্পায়নকে ত্বরান্বিত করতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর অধীনে দেশজুড়ে নতুন শিল্প কারখানা স্থাপনের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম-১৩ আসনের সদস্য সরওয়ার জামাল নিজামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিল্প মন্ত্রী জানান, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, অব্যবহৃত সরকারি জমির ব্যবহার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু নতুন শিল্প প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানির (জিপিএফপিএলসি) অব্যবহৃত জমিতে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত টেকনো-ইকোনমিক সম্ভাব্যতা সমীক্ষা চলছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)-এর ভেতরে বছরে ৪ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি নতুন টিএসপি সার কারখানা স্থাপন করা হবে এবং এ জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
শিল্প মন্ত্রী সংসদকে জানান, খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড ও খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেডের প্রাঙ্গণে ‘স্টার্চ ফ্যাক্টরি ও অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) কমপ্লেক্স’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে, যার সম্ভাব্যতা সমীক্ষা ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রস্তুত ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
মুক্তাদির বলেন, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএমএল) প্রাঙ্গণে বনায়নসহ পূর্ণাঙ্গ কাগজকল এবং সোডা অ্যাশ, বেকিং সোডা, সোডিয়াম সালফেট, অ্যাকটিভেটেড ব্লিচিং আর্থ, টাইটানিয়াম ডাই-অক্সাইড, সালফিউরিক অ্যাসিড ও সিনথেটিক/পলিয়েস্টার ফাইবার কারখানাসহ বিভিন্ন কেমিক্যাল প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং ডিপিপি প্রণয়নাধীন রয়েছে বলে জানান তিনি।
শিল্প মন্ত্রী বলেন, চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সে ক্লোর-অ্যালকালি ও ক্লোরিনভিত্তিক মৌলিক রাসায়নিক শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেডে (বিআইএসএফএল) আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী ইনসুলেটর ও স্যানিটারি ওয়্যার কারখানা স্থাপন করা হবে।
মন্ত্রী জানান, ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার প্ল্যান্টে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে ওভেন পলিপ্রোপিলিন (ডব্লিউপিপি) ব্যাগ তৈরির কারখানা স্থাপন করা হবে এবং ভোলা জেলায় নতুন ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার জন্য স্থান নির্বাচন ও সম্ভাব্যতা সমীক্ষা চলছে।
তিনি আরও বলেন, আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরির পাশে ১৯৭ একর অব্যবহৃত জমিতে একটি আধুনিক গ্লাস কারখানা স্থাপন করা হবে এবং এর প্রি-ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বিসিক সম্পর্কে মন্ত্রী বলেন, বিসিক সরাসরি শিল্প স্থাপন করে না, বরং শিল্প নগরী ও পার্ক গড়ে তোলে, যেখানে উদ্যোক্তারা কারখানা স্থাপন করেন। বর্তমানে দেশে ৮৩টি বিসিক শিল্প নগরী ও পার্কে ৬ হাজার ২২৩টি শিল্প ইউনিট চালু রয়েছে।
তিনি আরও বলেন, কাঁচামালের প্রাপ্যতা, উদ্যোক্তাদের প্রস্তাব ও সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে জেলা প্রশাসনের মাধ্যমে অব্যবহৃত বা পতিত জমি ব্যবহার করে, নতুন শিল্প নগরী ও পার্ক স্থাপন করা হবে, যাতে করে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে এ সব উদ্যোগ বেকারত্ব হ্রাস, শিল্প উৎপাদন বৃদ্ধি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২৩:৪০:৪৯ ৮ বার পঠিত