![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরে অভিনব উপায়ে জ্বালানি তেল সংগ্রহ ও অবৈধভাবে মজুদের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে সোমবার(৬ এপ্রিল) রাতে জেলা শহরের স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান অভিযান সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন ফিলিং স্টেশন থেকে দফায় দফায় মোটরসাইকেলে করে পেট্রোল ক্রয় করতেন। পরবর্তীতে সেই পেট্রোল মোটরসাইকেলের ট্যাংক থেকে বের করে বোতলে ভরে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পরবর্তী সময়ে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যেই তারা এই পন্থায় তেল সরিয়ে রাখতেন।
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ মজুদের হাতেনাতে প্রমাণ পাওয়ায় হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর বিধান লঙ্ঘন এবং অপরাধ স্বীকার করায় অভিযুক্ত দুইজনের প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান,
“জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের অবৈধ মজুদ রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জব্দকৃত জ্বালানি তেল বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৪০:৫৩ ৮৫ বার পঠিত