![]()
পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাসিয়া নদীটি সুরমা এবং মেঘনা নদীর সংযোগস্থল ছিলো। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় এখানে দুবার এসেছিলেন। বাসিয়া নদী খনন তিনি শুরু করেছিলেন। জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এ নদীর পুনঃখনন কার্যক্রম আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে তিনি জানান।
আজ সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জে বাসিয়া নদী পরিদর্শনকালে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।
মন্ত্রী বলেন, বাসিয়া নদীর আশপাশে ৫ হাজার হেক্টর জমি রয়েছে। নদীটি পুনঃখননের মাধ্যমে কৃষি কাজে সেচের ব্যবস্থার পাশাপাশি এখানকার মানুষকে বন্যা এবং জলবদ্ধতার হাত থেকে রক্ষা করা যাবে।
এ্যানি চৌধুরী আরো বলেন, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সরকার নদী, খাল, পুকুর ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে। দুই পদ্ধতিতে নদী, খাল-বিল খনন ও পুনঃখনন করা হবে। এস্কেভেটরের মাধ্যমে ও শ্রমিকের মাধ্যমে। খাল খননকে সফল করতে সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।
এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ, সিলেটের জেলা প্রশাসক মো: সরওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন
বাংলাদেশ সময়: ১৯:৫৭:২৫ ৬ বার পঠিত