![]()
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, অতীতে যে সরকার ছিল গত ১৫ বছর, তারা দুর্নীতি-লুটপাট করে এবং রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছিল। স্বেচ্ছাচারিতা করে আমাদের দেশের অর্থসম্পদ বিদেশে পাচার করে দেশটাকে একেবারে শূন্য করে ফেলেছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফতুল্লা পারিবারিক মিলনায়তন মাঠে মৃত ব্যক্তিদের গোসলের নির্দিষ্ট ঘরের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
মরদেহ গোসলের জন্য নির্দিষ্ট ঘর নির্মাণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের মহতি উদ্যোগে সমাজের বিত্তবান লোকদের আরও এগিয়ে আসার আহ্বান জানাই। কারণ সরকারের একার পক্ষে এত কিছু করা হয়তো সম্ভব হচ্ছে না। কারণ এটি একটি ছোট দেশ এবং প্রচুর জনসংখ্যা। সেই জনসংখ্যার ভারে দেশ একেবারে নুয়ে পড়েছে। একটি কাজ করতে গেলে আরেকটি করা যায় না। এত বেশি জনসংখ্যার দেশ এবং এত দরিদ্রপীড়িত একটি দেশ আমাদের।
অতীত সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা দেখেছেন, এর আগের যে সরকার ছিল গত ১৫ বছর, তারা দুর্নীতি-লুটপাট করে এবং রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছিল। স্বেচ্ছাচারিতা করে আমাদের দেশের অর্থসম্পদ বিদেশে পাচার করে দেশটাকে একেবারে শূন্য করে ফেলেছে। এরকম একটি বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান তারেক রহমান নিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেই তিনি এক মিনিটও সময় বসে থাকছেন না। আরাম-আয়েশ করছেন না। আপনারা দেখছেন, তাঁর নির্বাচনী ওয়াদাসহ যখন যে সমস্যাগুলো তাঁর সামনে আসছে, তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করছেন। আমরা আশাবাদী, তাঁর নেতৃত্বে এ বিধ্বস্ত অর্থনীতির বাংলাদেশ হয়তো খুব কম সময়ের মধ্যে আবার বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
মামুন মাহমুদ বলেন, কিন্তু সেটা আমাদের সকলের চেষ্টায় সম্ভব। সে অসাধ্যকে যদি আমাদের সাধ্য করতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই ১৮ কোটি মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন হবে। সেখানে ব্যক্তি উদ্যোগেরও প্রয়োজন রয়েছে, শুধু সরকারি উদ্যোগ নয়। আমরা যারা সমাজের মানুষ রয়েছি, যার যতটুকু অবদান যেখানে রাখা সম্ভব, সেখানে ততটুকু অবদান রাখার চেষ্টা করবো। তাহলেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো।
তিনি আরও বলেন, সরকার আমাদের পাশে রয়েছে। আমরা যেন সরকারের হাতকে শক্তিশালী করি।
ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সমাজসেবক হামিদুর রহমান চৌধুরী, আনিসুল এহসান চৌধুরী, তোফাজ্জল চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৪৭:১৩ ১৪ বার পঠিত