রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পৈত্রিক সূত্রে পাওয়া ভোগদখলীয় জমির কাঁচা ধান কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী বিবাদীর বিরুদ্ধে। গত ১৮ এপ্রিল (শনিবার) ভোরে উপজেলার টাকুরিয়া মৌজায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় ২৯ জন নামীয় এবং আরও ১০/১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টাকুরিয়া মৌজার বিআরএস ৫৫ নং খতিয়ানের ৫৯০ নং দাগের ৫০ শতাংশ ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিটি নিয়ে বর্তমানে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। ভুক্তভোগী কৃষক উক্ত জমিতে চলতি মৌসুমে বোরো ধান রোপণ করেছিলেন।

শনিবার ভোরে স্থানীয় সাবদুল ভাংগী নামে এক ব্যক্তি ফজরের নামাজ পড়তে উঠে দেখতে পান যে, বিবাদী ফরহাদ হোসেন, নামেন আলী, কালা চাঁনসহ একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমির কাঁচা ধান কেটে নিয়ে যাচ্ছে।

পরে খবর পেয়ে জমির মালিক ও স্থানীয় সাক্ষীরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে বিবাদীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র উঁচিয়ে তাদের খুন-জখমের হুমকি দেয়। প্রাণভয়ে বাধাদানকারীর পিছু হটলে বিবাদীরা প্রায় ৫০ শতাংশ জমির কাঁচা ধান কেটে নিয়ে যায় এবং পদদলিত করে নষ্ট করে। এতে কৃষকের আনুমানিক ৬০,০০০ (ষাট হাজার) টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী কৃষক জানান, “বিবাদীরা অত্যন্ত দাঙ্গাবাজ প্রকৃতির। তারা আদালতের আইন অমান্য করে জোরপূর্বক আমার জমির ফসল লুট করেছে। বর্তমানে তারা আমাকে এবং আমার পরিবারকে এলাকায় চলাফেরা করতে বাধা দিচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা চাই।”

ঘটনার প্রত্যক্ষদর্শী আঃ সালাম এবং ফরহাদ মন্ডল সহ স্থানীয়রা জানান, বিবাদীরা দীর্ঘক্ষণ ধরে ধান লুটপাট চালালেও তাদের হাতে অস্ত্র থাকায় কেউ কাছে যাওয়ার সাহস পায়নি। তারা অত্যন্ত বেপরোয়াভাবে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনা নিয়ে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৫২   ৫৮ বার পঠিত