
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপি নেতাকর্মীদের দায়ের করা পৃথক দুটি মামলায় মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলীসহ ৮ জন নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক রুমানা আক্তার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নির্দেশে কারাগারে পাঠানো উল্লেখযোগ্য নেতারা হলেন, মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, যুবলীগ নেতা (শওকত আলীর ছোট ভাই) আলী আজম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, যুবলীগের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রতন, এছাড়া রয়েছেন মির্জা তৌহিদুল ইসলাম তৌহিদ, মামুন এবং সামিউল ইসলাম মানিক।
আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মাদারগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। বিএনপি নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বাদীর অভিযোগ এবং পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ মোট তিনটি মামলা বর্তমানে প্রক্রিয়াধীন।
“আসামিরা আজ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।”
উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলার এসব মামলায় প্রায় ২০০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আজকের এই আদেশের পর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শুনানির পর কঠোর পুলিশি পাহারায় আসামিদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:১২:৪৪ ১২১ বার পঠিত