![]()
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। বাঁচা-মরার ম্যাচে দায়িত্বটা কাঁধে তুলে নিলেন নাহিদ রানা। মিরপুরে আজ গতির ঝড় তুলে নিউজিল্যান্ডকে অল্পতে আটকে দিলেন বাংলাদেশি পেসার।
এক ম্যাচ বাকি থাকতে ওয়ানডে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে নেমে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নাহিদের তোপের মুখে পড়ে অতিথিরা। দলীয় স্কোর ৩০ হওয়ার আগেই পর পর দুই ওভারে ২ উইকেট নেন নাহিদ।
মাঝে চতুর্থ উইকেটে মুহাম্মদ আব্বাসকে সঙ্গী করে ৫৬ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন নিক কেলি। ঠিক তখই আবার কিউইদের ধাক্কা দেন নাহিদ।
ব্যক্তিগত ১৯ রানে আব্বাসকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড।
নাহিদকে এ সময় সঙ্গ দেন শরীফুল ইসলাম। তবে প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার মূল কাজটা নাহিদই করেন।
ডিন ফক্সক্রফট ও জেইডেন লিনক্সকে আউট করে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েন। মিরপুরেই গত মার্চে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ২৩ বছর বয়সী পেসার। আজ ১০ ওভারে ১ মেডেন ওভার দিয়ে ৩২ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন নাহিদ।
নাহিদের কীর্তির আগে কেলিকে তুলে নিয়ে নিউজিল্যান্ডের রানের চাকা বন্ধ করে দেন শরীফুল। তাতে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি পাওয়া হয়নি কিউই ওপেনারের।
তিন অংক স্পর্শ করতে ১৭ রান প্রয়োজন ছিল তার। ৮৩ রানের ইনিংসটি অবশ্য তার ক্যারিয়ারের প্রথম ফিফটি। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শরীফুল।
বাংলাদেশ সময়: ১৭:১০:৪৪ ২০ বার পঠিত