মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ফরিদপুরে ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা ব্যবহার করে বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা ব্যবহার করে বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



ফরিদপুরে ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা ব্যবহার করে বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা ব্যবহার করে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নে বন্যা প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় পদ্মার চর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
স্থানীয় পর্যায়ে বন্যার আগাম পদক্ষেপ গ্রহণ, সমন্বয় বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতি সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম ফেজ-৩ এর আওতায় প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ -এর উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়।
প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম -এর সভাপতিত্বে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান, ফরিদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, প্রফেসর আনিসুল হক, দ্মারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উকিল উদ্দীন সরদার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ মহড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কারিগরি বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
অতিথিরা বক্তব্যে- জাতীয় ও স্থানীয় পর্যায়ের সমন্বয়, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর আগাম সতর্কতা প্রচারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সম্ভাব্য বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রমের বাস্তবধর্মী অনুশীলনে সিমুলেশন মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে তারা উল্লেখ করেন যে, অতীতে দুর্যোগ ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণে বেশি গুরুত্ব দেওয়া হলেও বর্তমানে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রমে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এ ধরণের মহড়া আয়জন বৈজ্ঞানিক পূর্বাভাসকে সহজবোধ্য, ব্যবহারযোগ্য এবং স্থানীয় প্রেক্ষাপটে প্রাসঙ্গিক তথ্য ও কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে সাহায্য করে। সমন্বিত প্রস্তুতি কার্যক্রমের মাধ্যমে এ ধরনের উদ্যোগ ফরিদপুরসহ দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি হ্রাস এবং দীর্ঘমেয়াদি সহনশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:২২   ৮ বার পঠিত