
শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ অন্যান্য দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেছেন, সরকার যেন অল্প সময়ের মধ্যে শ্রমিকদের সমস্যার সমাধান করে, সে বিষয়েও জানানো হবে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবরোধরত শ্রমিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “আপনাদের সমস্যার কথাগুলো সরকারের কাছে পৌঁছে দেব। সরকার আপনাদের কথা শুনেই মজুরি বোর্ড গঠন করেছে। সেখানে আপনাদের একজন ভাইও আছেন। তাঁর কাছে আপনাদের দাবিগুলো পৌঁছে দেবেন, আমরাও পৌঁছে দেব। অল্প সময়ের মধ্যে যেন সরকার বিষয়টি সমাধান করে, সে কথা আমরা বলব। এই বার্তা আমরা সবাইকে জানিয়ে দেব।”
শ্রমিকদের ওপর কেউ হামলা করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রায়হান কবির বলেন, “সরকার বলেছে, শ্রমিক ভাইদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। আমরাও কারও সঙ্গে এমন আচরণ করতে চাই না।”
শ্রমিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা নারায়ণগঞ্জকে টিকিয়ে রেখেছেন। আপনাদের কারণেই নারায়ণগঞ্জ টিকে আছে। সুতরাং আপনাদের প্রতি আমরা সবাই সহানুভূতিশীল।”
সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “আপনারা যেভাবে বলছেন, সরকার সেভাবেই ব্যবস্থা নেবে। সরকারকে একটু সময় দেন। যদি সরকার আপনাদের দাবি না মানে, তাহলে আন্দোলনের মাধ্যমে করবেন।”
এ সময় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মিয়া এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৫১:৩৪ ৮ বার পঠিত