
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছরে দেশে খাল, নদী ও নালা খননে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জলাশয়গুলো শুকিয়ে যাওয়ার পাশাপাশি কৃষকদের জীবনমানেও প্রত্যাশিত উন্নয়ন ঘটেনি।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি-গোবিন্দপুর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছিল। সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পুনরায় খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, তারেক রহমানের ঘোষিত ২০ হাজার কিলোমিটার খাল খনন পরিকল্পনার অংশ হিসেবে সালথায় এ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও তা বাস্তবায়ন করা হবে। এতে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপিকে জনগণের সেবায় নিয়োজিত দল উল্লেখ করে তিনি বলেন, “১৭ কোটি মানুষের—সে যে দলই করুক না কেন—সবার সরকার হবে বিএনপি সরকার।” দল-মত নির্বিশেষে সকলের সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের পর সালথা থানায় দায়ের হওয়া মামলাগুলোর বেশিরভাগই ব্যক্তিগত বা স্থানীয় বিরোধজনিত। বর্তমানে কোনো রাজনৈতিক মামলা হচ্ছে না এবং প্রতিহিংসাবশত কাউকে হয়রানি করা হবে না।
দাঙ্গা বা সহিংসতায় জড়িতদের সতর্ক করে তিনি বলেন, পুলিশের ওপর বা সরকারি সম্পদের ওপর হামলা হলে তা কঠোরভাবে দমন করা হবে। আইন ভঙ্গকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি জানান, পাশ্ববর্তী নগরকান্দা উপজেলায় প্রশাসনের তত্ত্বাবধানে ইতোমধ্যে ঢাল-সড়কি জমা নেওয়া শুরু হয়েছে।
মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন, চিকিৎসক, শিক্ষক ও এনজিও কর্মীদের সমন্বয়ে স্থানীয় পর্যায়ে সামাজিক সংগঠন গড়ে তুলে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, সালথা থানার ওসি বাবলুর রহমান খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৫১:০৩ ৮ বার পঠিত