
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নেশার টাকার জন্য পরিবারের সঙ্গে ঝগড়া ও অভিমান করে সুমন (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ রবিবার(২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গুনারীতলা ইউনিয়নের জোনাইল নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই এলাকার গেদা বাইনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সাথে ঝগড়া ও দুর্ব্যবহার করতেন। সম্প্রতি তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে যান। আজ সন্ধ্যায় নিজ ঘরের ভেতরে সুমনের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা পরিবারের বরাত দিয়ে জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, সুমন নেশাগ্রস্ত ছিলেন এবং নেশার টাকা নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। স্ত্রীর চলে যাওয়া এবং পারিবারিক কলহের জেরে তিনি এই চরম পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।”
ঘটনাটি জানাজানি হওয়ার পর জোনাইল নয়াপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন টগবগে যুবকের এমন মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২৩:০৮:১২ ১১৮ বার পঠিত