![]()
![]()
নির্বাচনী ওয়াদা অনুযায়ী সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে, যার মধ্যে স্বাস্থ্য কার্ড দেয়ার প্রক্রিয়া অন্যতম।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাহাড়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবা অন্যান্য এলাকার তুলনায় পিছিয়ে আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা উন্নয়নে অগ্রাধিকার দিয়ে আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। জনগণের সরকার হিসেবে প্রধানমন্ত্রী ফ্যামিলি ও কৃষি কার্ড দিয়েছেন, স্বাস্থ্য কার্ড দেয়ার প্রক্রিয়াও চলমান আছে।’ চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
পার্বত্যমন্ত্রী আরও বলেন, ‘নতুন ভবন নির্মাণ শেষ হয়েছে, চিকিৎসক ও নার্স আসার পর দ্রুতই পুরোদমে সেবা কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নসহ সব ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন।’
রাঙ্গামাটি জেলার ৫টি উপজেলায় নদীপথে যাতায়াত করতে হয় জানিয়ে তিনি বলেন, ‘দুর্গম এলাকাগুলো থেকে জরুরি প্রয়োজনে রোগীদের চিকিৎসাসেবা পাওয়া সহজ করতে নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। পাশাপাশি হাসপাতালের জনবল ও যন্ত্রপাতির যে সংকট রয়েছে, দ্রুতই তার সমাধান করা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার একরামুল রাহাত, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. প্রীতি প্রসুন বড়ুয়া, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন প্রমুখ।
এর আগে মন্ত্রী রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্য হাতির আক্রমণে নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৬:২৬:২২ ১৮ বার পঠিত