![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা আব্দুর রেজ্জাক খান উচ্চ বিদ্যালয়ে ঢুকে এক নারী শিক্ষিকাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা হোসনেয়ারা খাতুন বন্যা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত সোমবার (২৬ এপ্রিল) দুপুরে স্থানীয় হাসমত আলী, হানিফ উদ্দিন, আলামিন ও সাইফুল খানের নেতৃত্বে একদল ব্যক্তি অতর্কিতভাবে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন। তারা শিক্ষকদের উপস্থিতিতেই অশালীন আচরণ শুরু করেন এবং ভীতি প্রদর্শন করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা শিক্ষিকা হোসনেয়ারা খাতুনকে লক্ষ্য করে অত্যন্ত আপত্তিকর ও অশালীন ভাষায় গালিগালাজ করেন।
তাকে বিদ্যালয় থেকে জোরপূর্বক বের করে দেওয়ার এবং প্রাণনাশের হুমকি প্রদান করা হয়।
পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠলে অন্যান্য সহকর্মীরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী শিক্ষিকা হোসনেয়ারা খাতুন বলেন,”ঘটনার পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন শিক্ষক হিসেবে নিজ কর্মস্থলে এমন লাঞ্ছনার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ নিয়ে একটি পক্ষ বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।”
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বাংলাদেশ সময়: ২৩:৪০:১১ ১৪ বার পঠিত