রবিবার, ৩ মে ২০২৬

টেবিলের তলানিতে থাকা দলের সঙ্গে বায়ার্নের নাটকীয় ড্র

প্রথম পাতা » খেলাধুলা » টেবিলের তলানিতে থাকা দলের সঙ্গে বায়ার্নের নাটকীয় ড্র
রবিবার, ৩ মে ২০২৬



টেবিলের তলানিতে থাকা দলের সঙ্গে বায়ার্নের নাটকীয় ড্র

বুন্দেসলিগায় আবারও রোমাঞ্চকর ম্যাচ খেলল বায়ার্ন মিউনিখ। তবে এবার জয় নয়—কষ্ট করে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। নিজেদের মাঠে শনিবার (২ মে) তলানির দল হাইডেনহাইমের বিপক্ষে ৩-৩ গোলের নাটকীয় সমতায় শেষ হয় ম্যাচটি।

ম্যাচের শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিক বায়ার্নের জন্য। প্রথম ৩০ মিনিটেই দুই গোল হজম করে বসে তারা। জর্জিয়ান ফরোয়ার্ড বুদু জিভজিভাদজে ও তুর্কি স্ট্রাইকার এরেন ডিঙ্কচি গোল করে এগিয়ে দেন হাইডেনহাইমকে।

প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বায়ার্ন। ৪৪তম মিনিটে দারুণ এক ফ্রি-কিকে ব্যবধান কমান লিওন গোরেটজকা। বিরতির পর ৫৭তম মিনিটে কাছ থেকে ভলি করে সমতা ফেরান তিনি।

দ্বিতীয়ার্ধে বায়ার্ন কোচ কম্পানি আক্রমণে শক্তি বাড়াতে নামান কেইন এবং ওলিসেকে। তবে ৭৬তম মিনিটে আবারও চমক দেখায় হাইডেনহাইম; নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন জিভজিভাদজে।

জয়ের দ্বারপ্রান্তে থাকা অতিথিদের হতাশ করে শেষ মুহূর্তে সমতা ফেরায় বায়ার্ন। দূরপাল্লার শট নেন ওলিসে, বল পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়।

এই ড্রয়ের ফলে ৩২ ম্যাচে ২৬ জয় ও ৫ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বায়ার্ন। অন্যদিকে, সমান ম্যাচে মাত্র ২৩ পয়েন্ট নিয়ে তলানিতেই রয়ে গেছে হাইডেনহাইম।

বাংলাদেশ সময়: ১৫:৪১:০৩   ১৫ বার পঠিত